সিলেট নিউজ বিডি ডেস্ক: বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর হত্যার বিচার, নিরাপদ সড়ক এবং গত মঙ্গলবারে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা বন্ধের দাবিতে আজ (১লা আগস্ট) বুধবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থী।
বুধবার দুপুর ১২ টার দিকে শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাস চাপা দেওয়ায় নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচার, নিরাপদ সড়ক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা বন্ধের দাবিতে মানববন্ধন করে শাবি শিক্ষার্থী। এসময় অনেক শিক্ষার্থীর হাতে হাতে লেখা ‘আর কত মানুষ মরলে আমাদের হুঁশ হবে’, ‘ ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশের বিচার চাই’, ‘ হত্যাকারী চালকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘শিক্ষার্থীদের টি.সি. মানি না, মানবো না’ এসব স্লোগান সংবলিত প্লাকার্ড দেখা যায়।
মানববন্ধন শেষে, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে সাস্ট সাহিত্য সংসদ সংগঠনের সভাপতি শুভম ঘোষ, আজ মুক্তমঞ্চ সংগঠনের সভাপতি ঝুমন, এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য বনি সরকার, আমির হামজা, প্রণয় কান্তি বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা, দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিসহ নিরাপদ সড়কের দাবি জানায় এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায়।
সমাবেশে সভাপতিত্ব করেন, শাবি ছাত্রফ্রন্টের আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান জুয়েল।
Sylhetnewsbd Online News Paper