বাস চলাচল শুরু হলেও সংখ্যায় কম, কমেনি ভোগান্তি

সিলেট নিউজ বিডি ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাস মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের পর রাজধানীর সড়কে বাস চলাচল শুরু হলেও ভোগান্তি কমছে না মানুষের। গতকাল থেকে বাস চলাচল শুরু হলেও এই সংখ্যা ছিল অনেক কম। ঢাকার ভেতরে চলাচলরত বাসের সংখ্যা অনেক কম থাকায় ভোগান্তি কমছে না মানুষের।

মঙ্গলবার ০৭ আগস্ট সকালে রাজধানীর মিরপুর, মতিঝিল, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, ভিক্টোরিয়া পার্ক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেশিরভাগ রুটে গণপরিবহন কম চলতে দেখা গেছে। যেসব বাস চলাচল করছে সেগুলোর প্রতিটিতেই যাত্রীতে ভরা। এর ফলে অনেকে বাধ্য হয়ে সিএনজি অটোরিকশা ও রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে ব্যাপক যাত্রী উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিছু সময় অপেক্ষার পর কোনো বাস এলেই গন্তব্যের যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন। তাতে কেউ কেউ উঠতে পারছেন, অনেকেই ব্যর্থ হচ্ছেন।

অন্যদিকে সোমবারের মতো সড়কে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে, মোড়ে মোড়ে কড়া উপস্থিতি। রোদ উপেক্ষা করে সড়কে শৃঙ্খলা ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অন্য সময় রাস্তা ছেড়ে পুলিশ বক্সে আড্ডা দিতে দেখা গেলেও এখন চিত্র ভিন্ন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এরপর শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মালিক-শ্রমিকদের ডাকে বাস চলাচল বন্ধ ছিল। এর ফলে কার্যত অনেকটা অচল হয়ে পড়ে দেশের যোগাযোগ ব্যবস্থা। গতকাল বাস চলাচল স্বাভাবিক হয়েছে।