জাতীয় নির্বাচনে অনিয়ম না হওয়ার নিশ্চয়তা নেই: সিইসি

সিলেট নিউজ বিডি ডেস্ক: দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় নির্বাচন। কী হয়, কী হবে, নানা অনিশ্চয়তা। তারপরও চলছে নানা হিসাব-নিকাশ আর জল্পনাকল্পনা। এরই মধ্যে নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

এদিকে জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার ০৭ আগস্ট দুপুরে প্রতিবন্ধীদের ভোটাধিকার চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি ।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। তবে পাবলিক নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই। যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার, আমরা করব। কোনো অসুবিধা হবে বলেও আমরা মনে করছি না।

জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি আছে জানিয়ে সিইসি বলেন, অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের সভায় এই তারিখ চূড়ান্ত করা হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত ও সীমানা নির্ধারণের কাজ শেষ করে এখন কেন্দ্র বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে গত ৩০ জুলাইয়ের সর্বশেষ রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনসহ পাঁচ সিটি নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, এ ধরনের নির্বাচনে অনিয়ম হয়েই থাকে। যেখানে বেশি অনিয়ম হয়েছে, সেখানে আমরা বেশি অ্যাকশনে গিয়েছি। যেমন- বরিশাল।