সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের সৎ মেয়ে মেহেরুন্নিসা হায়াত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিয়েছেন। তিনি ইমরানের স্ত্রী বুশরা মানিকার মেয়ে।
সোমবার ০৬ আগস্ট ইমরানের সঙ্গে বৈঠকের পর মেহেরুন্নিসা পার্টিতে যোগ দেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান সোমবার আনুষ্ঠানিকভাবে পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত হয়েছেন। এই সংক্রান্ত বৈঠকের পর দলটিতে যোগ দেন মেহেরুন্নিসা। পিটিআই প্রধান ইমরানের সঙ্গে বৈঠকের সময় মেহেরুন্নিসার মা বুশরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইলে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সে সংখ্যা ইমরানের দল ২২টি আসনে পিছিয়ে ছিল।
১৪ আগস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ইতিমধ্যে সরকার গঠনের জন্য মিত্রদের সমর্থন নিয়ে প্রয়োজনীয় ১৩৭ আসন নিশ্চিত করেছেন তিনি।
Sylhetnewsbd Online News Paper