সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানে দুটি আসনে পিটিআই প্রধান ইমরান খানের জয় স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন-ইসিপি। আসন দুইটি হলো- ইসলামাবাদ ও লাহোর। ইসলামাবাদে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন ও লাহোরে একটি আসনে ভোট পুনঃগণনার আবেদনের প্রেক্ষিতে- ইসিপি মঙ্গলবার এ ঘোষণা দেয়।
ইসিপি জানায়, ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে গণমাধ্যমের সামনে ভোট দেন ইমরান খান। যা নির্বাচনী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এছাড়া, লাহোরের একটি আসনে ভোট পুনঃগণনার আবেদনের প্রেক্ষিতে রায় দেয়ার কথা রয়েছে হাইকোর্টের।
নবনির্বাচিত পার্লামেন্টে মোট পাঁচ আসনে জয়ী হয়েছিলেন ইমরান। বাকি আসনগুলো হলো- করাচি, মিয়ানওয়ালি এবং বান্নু। নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই আসনগুলোর ব্যাপারেও নতুন করে সিদ্ধান্ত নিতে পারে ইসিপি। এ অবস্থায় ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানের রাজনীতিতে।
গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইলে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সে সংখ্যা ইমরানের দল ২২টি আসনে পিছিয়ে ছিল। ইতিমধ্যে সরকার গঠনের জন্য মিত্রদের সমর্থন নিয়ে প্রয়োজনীয় ১৩৭ আসন নিশ্চিত করেছেন তিনি।
Sylhetnewsbd Online News Paper