গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে কাজ করছে সরকার

সিলেট নিউজ বিডি ডেস্ক: সরকার দেশে গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ০৯ আগস্ট কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে বিগত সাড়ে ৯ বছরে উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায় প্রায় ৬ হাজারেরও বেশি নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া তার সরকার সফলভাবে সামাজিক ব্যাধিগুলো মোকাবেলা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। আমাদের সন্তানরা যাতে সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখছি।

রোহিঙ্গা সমস্যা সম্পর্কে শেখ হাসিনা বলেন, আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, স্থানীয় জনগণের চাষাবাদের জমিগুলো রোহিঙ্গা শরণার্থীরা দখল করে নেয়ায় স্থানীয়রা অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছে।

বৈঠকে কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নে তার সংস্থা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

এসময় কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে কমনওয়েলথের মহাসচিব সংস্থাটির সনদের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।