সিলেট নিউজ বিডি ডেস্ক: ফটো সাংবাদিক শহিদুল আলমের স্বাস্থ্যসংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।
১৩ আগস্ট সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শহিদুল আলমের স্বাস্থ্যসংক্রান্ত হাইকোর্টের আদেশটি বহাল থাকলো।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা শহিদুল আলমকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট।
আদেশ অনুযায়ী চিকিৎসকদের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। তবে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
এর আগে ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ। নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দেয়ার পর পরই তাকে আটক করা হয়।
এ ছাড়া ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
৬ আগস্ট শহিদুল আলমকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper