সিলেট নিউজ বিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানসহ ৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুরে ৮ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
জামিনপ্রাপ্তরা হলেন-সাধরণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন, এ পি এম সুহেল, সাখাওয়াত হোসেন রাতুল ও যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুনাসহ ৮ জন।
এর আগে সোমবার সকালে এদের মধ্যে সাতজনের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।
এবিষয়ে তাদের আইনজীবী জায়েদুর রহমান বলেন, সকালে সাত জনের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। দুপুরে জামিনের জন্য আমরা পুনরায় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এসময় নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন দুই ছাত্রের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার লুৎফুন্নাহার লুনারও জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত তা মঞ্জুর করেন।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিসির বাসা ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও আইসিটি আইনে দায়র করা তিন মামলায় তাদের জামিন আবেদন করা হয়। এর মধ্যে শাহবাগ থানার আইসিটি আইনে ও ভিসির বাসা ভাঙচুরের মামলায় রাশেদের জামিন আবেদন করা হয়। ভিসির বাসা ভাঙচুরের মামলায় জামিনের আবেদন করা হয় সুহেল, মশিউর ও জসিমের। এছাড়া পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় করা মামলায় জামিনের আবেদন করা হয় ফারুক ও তরিকুলের। এ ছাড়াও ভাঙচুর ও আইসিটি আইনের মামলায় জামিনের আবেদন করা হয় রাতুলের।
Sylhetnewsbd Online News Paper