সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৫৪ জন যুগ্মসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার(২৯ আগস্ট) গভীর রাতে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি চূড়ান্ত হলো। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৪ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।
এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬২৯ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১২১টি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে অতিরিক্ত সচিব হিসেবে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা রয়েছেন। তারওপর আবার পদোন্নতি দেয়া হলো। এতে প্রশাসনে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। পদোন্নতি পাওয়ার পরও অনেককে নিচের পদে কাজ করতে হবে।
সর্বশেষ দশম ব্যাচ এবং এর আগের সবব্যাচের বঞ্চিত (লেফট আউট) কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
১৫৪ জনকে অতিরিক্ত পদে পদোন্নতি দেয়া হলেও অনেকে পদোন্নতি বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সবধরনের যোগ্যতা থাকার পরও পদোন্নতি পাননি বলে দাবি করেছেন কয়েক জন যুগ্ম-সচিব।
সর্বশেষ গত বছরের ১১ ডিসেম্বর প্রশাসনে অতিরিক্ত সচিব পদে ১২৮ যুগ্মসচিবকে পদোন্নতি দেয়া হয়েছিল।
Sylhetnewsbd Online News Paper