ছাতক প্রতিনিধিঃ ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর (মনজিরা) গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে ট্রাফিক পুলিশের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার রাতে ট্রাফিক পুলিশের (টিএসআই) মোস্তফা কামাল বাদী হয়ে সাংবাদিক আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলাটি রেকর্ড হওয়ার পর মধ্যরাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর (মনজিরা) গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। সম্প্রতি স্থানীয় পত্রিকা ও একটি অনলাইনে “ছাতকে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি” শিরোনামে সংবাদ প্রকাশের পরই এই মামলাটি দায়ের করেন ট্রাফিকের টিএসআই মোস্তফা।
এদিকে, হয়রানিমূলক চাঁদাবাজি মামলায় সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে গ্রেফতারের পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসস্তোষের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সদস্যদের উপস্থিতে প্রেসক্লাবের রোকেয়া ম্যানশনস্থ কার্যালয়ে সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দরা হয়রানিমূলক মিথ্যা মামলায় সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তির দাবী জানান।
Sylhetnewsbd Online News Paper