সিলেট নিউজ বিডি ডেস্ক: ধূমকেতুর মতো এসেছিলেন ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। যার অভিনয় ও ফ্যাশন ঢাকাই চলচ্চিত্রের দৃশ্যপটই বদলে দেয়। মৃত্যুর প্রায় দুই যুগ পেরিয়ে গেছে, অথচ জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি চিত্রনায়ক সালমান শাহ’র।
এখনো ভক্তরা তার জন্য দলগতভাবে উৎসব করে, আবার অসম্মান করা হলে রাস্তায় বিক্ষোভ করতেও দ্বিধা করেন না। চিরকালের এই নায়কের আজ ২২ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এক রহস্য মৃত্যু হয় সালমান শাহ’র।
স্বাধীনতা যুদ্ধের ভয়াল সময়ে ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দারিয়া পাড়ায়।
যে বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউস’। তার নানার মূলবাড়ি ছিল মৌলভিবাজারে। খুলনা ও ঢাকার বিভিন্ন স্কুল, কলেজে কেটেছে সালমানের শিক্ষাজীবন।
পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সালমান। তার প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায় ১৯৯৩ সালে। নায়িকা মৌসুমির সঙ্গে করা এই ছবিটি সালমানকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। এরপর থেকে রীতিমত উড়তে থাকেন সালমান।
একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী আসন গেঁড়ে নেন। ক্যারিয়ারে তার অভিনীত ছবির সংখ্যা ২৭টি। সবচেয়ে বেশী ১৪টি ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী শাবনূরের সঙ্গে।
এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। আজকের এই দিনে মহান এই নায়কের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।
Sylhetnewsbd Online News Paper