সিলেট নিউজ বিডি ডেস্ক: উত্তর কোরিয়ার প্রধান ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করে দিতে সম্মত হয়েছে দেশটির নেতা কিম জন-উন। একথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে এক শীর্ষ বৈঠক শেষে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পারমানবিক অস্ত্রমুক্ত করার একটি পন্থায় একমত হয়েছেন।
কিম ও মুন পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কিম চুক্তিটিকে, কোরীয় উপদ্বীপে সামরিক শান্তি প্রতিষ্ঠার দিকে একধাপ এগিয়ে যাওয়া হিসেবে বর্ণনা করেন। তিনি আরো জানান যে, তিনি অদূর ভবিষ্যতেই দক্ষিণ কোরিয়া সফর করতে পারেন। এমনটা হলে তিনিই হবেন দক্ষিণ কোরিয়া সফরকারী প্রথম উত্তর কোরীয় নেতা।
পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়াও দুই কোরীয়ার মধ্যে রেলওয়ে সংযোগ স্থাপনের পরিকল্পনাও করছেন দুই নেতা। এতে করে কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সহজেই দেখা করতে পারবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সহযোগিতাও বৃদ্ধি পাবে।
পিয়ংইয়ংয়ে চুক্তি স্বাক্ষরের পর মুন বলেন যে, কিম উত্তর কোরিয়ার তংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা, সম্পর্কিত দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে, চিরতরে বন্ধ করে দিতে সম্মত হয়েছেন।
তিনি বলেন, তংচাং-রি’র পাশাপাশি কিম ইয়ংবিয়োন পারমাণবিক কেন্দ্রও বন্ধ করে দিতে সম্মত হয়েছেন। তবে এজন্যে যুক্তরাষ্ট্রকেও একটি ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। -বিবিসি
Sylhetnewsbd Online News Paper