পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে ফাইনালে ভারত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। এতে প্রথম দুই ম্যাচ জিতে এশিয়া কাপের চলতি আসরে ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। শুরুতে ব্যাট করে সাত উইকেটে ২৩৭ রান করে পাকিস্তান। জবাবে ৩৯.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। সেঞ্চুরি করেন দুজনই। দলীয় ২১০ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় পাকিস্তান। সেটিও রান আউটের সুবাদে। ১০০ বল থেকে ১৬টি চার ও দুটি ছক্কার মারে ধাওয়ান আউট হন ১১৪ রান করে। বাকিটা পথ আম্বাতি রাইডুকে নিয়ে পাড়ি দেন রোহিত। শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত রয়েছেন, রোহিত আর ১২ রান করে ক্রিজে ছিলেন রাইডু।

এর আগে রবিবার বিকেলে দুবাইতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৩৭ রান করে পাকিস্তান। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারানো পাকিস্তান বাকিটা সময় সতর্কতার সঙ্গে খেলে। তাদের ব্যাটিংয়ে খুব একটা মারমুখিতা ছিল না। যে কারণে শেষ পর্যন্ত কোনও বড় স্কোর গড়তে পারেনি দলটি।

পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৮ রান করেছেন শোয়েব মালিক। এছাড়া শরফরাজ আহমদ ৪৪, ফখর আজম ৩১ এবং আসিফ আলী করেন ৩০ রান। ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব, চাহাল ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।