সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারত, চীনসহ এশিয়ার পাঁচটি দেশ থেকে ৬ শতাধিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়েছে বাংলাদেশ। এ তালিকায় রয়েছে লাওস, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। এশিয়ার প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) আওতায় এ সুবিধা দিয়েছে বাংলাদেশ। এর ফলে এসব দেশ থেকে পণ্য আমদানিকারকরা শুল্ক ছাড়ের সুবিধা পাবেন। এ বিষয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি আদেশ বা এসআরও জারি করেছে। ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ শুল্ক রয়েছে- এমন পণ্য শুল্ক ছাড়ের এ সুবিধার আওতায় আসবে। কার্যকর হবে গত জুলাই থেকে।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপটাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে সদস্যভুক্ত দেশগুলোর আমদানি-রপ্তানিতে শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে। এর আলোকে মোট ৬০২টি পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। তবে লাওস বাদে বাকি চারটি দেশ থেকে ৫৯৮টি পণ্য এ সুবিধা পাবে। আর স্বল্পোন্নত দেশ (এলডিসি) হওয়ায় বাড়তি চারটি পণ্যে শুল্ক ছাড়ের সুবিধা পাবে লাওস।
অবশ্য আপটা’র রুল্স অব অরিজিনের শর্ত অনুযায়ী, সদস্যভুক্ত দেশগুলো এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হলো নিজ দেশে ওই পণ্যের অন্তত ৪৫ শতাংশ মূল্য সংযোজন হবে। তবে এলডিসিভুক্ত দেশের ক্ষেত্রে তা কিছুটা শিথিল (৩৫ শতাংশ) রয়েছে।
গত বছরের জানুয়ারিতে আপটা’র চতুর্থ দফার সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে আমদানি রপ্তানিতে প্রায় ১১ হাজার পণ্যে ধীরে ধীরে শুল্ক কমিয়ে আনবে। ওই সময় থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও নিজেদের প্রস্তুতির ঘাটতির কারণে তা সম্ভব হয়নি।
গত জুলাইয়ে ভারত ৩ হাজারের বেশি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দেয়। অন্যদিকে, চীন ২ হাজারের বেশি পণ্যে, দক্ষিণ কোরিয়া ২ হাজার ৭৯৭টি পণ্যে, শ্রীলঙ্কা ৫৯৮টি পণ্যে ও লাওস ৯৯৯টি পণ্যে শুল্ক কমানোর এ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর বাইরে বাংলাদেশ ও লাওস ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ায় পণ্য রপ্তানিতে এলডিসি হিসেবে আরো কিছু পণ্যে শুল্ক ছাড়ের সুবিধা পায়।
Sylhetnewsbd Online News Paper