সিলেট নিউজ বিডি ডেস্ক: আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য ছাড়পত্র পাননি দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে এই দুজনকে বিবেচনা করা হচ্ছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছেন, জাতীয় দলের প্রতি তাদের প্রতিশ্রুতি ও আসন্ন দুটি সিরিজের কথা বিবেচনায় নিয়ে আমরা তাদের সেখানে খেলতে দিতে চাই না।
সৌম্য ও মিঠুন দুজনকে নিয়েছিল কান্দাহার নাইটস। একই দলে তাসকিন আহমেদ খেলার জন্য ছাড়পত্র নিয়ে চলে গেছেন। তবে এই দুজনকে বিসিবি ছাড়তে চাইছে না। এ বিষয়ে আকরাম খান বলেন, তাসকিন ছাড়পত্র পেয়েছে অন্য কারণে। সে ফাস্ট বোলার এবং দীর্ঘদিন ইনজুরিতে ছিল। তাই তার অবস্থাটা আমরা দেখতে চাই।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ।
Sylhetnewsbd Online News Paper