দেশের দারিদ্র্য বিমোচনে পল্লী অঞ্চলের উন্নয়নের বিকল্প নেই

সিলেট নিউজ বিডি ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের দারিদ্র্য বিমোচনে পল্লী অঞ্চলের উন্নয়নের বিকল্প নেই।

পল্লী অঞ্চলের দারিদ্র দূরীকরণের মধ্যদিয়েই দেশের বৃহৎ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে আনা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ দেয়া গেলে কৃষি নির্ভর জনগোষ্ঠী আরও দক্ষতার সঙ্গে নিজেদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

মন্ত্রী আজ রবিবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) পরিচালনা পরিষদের ৪৬ তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, আরডিএ, বগুড়া-র মহাপরিচালক এম এ মতিন ও বোর্ডের সদস্যসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন একাডেমিসমূহের প্রায়োগিক গবেষণা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। সারাদেশে ৭০ হাজার নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। তিনি যেকোনো উদ্ভাবনী এ সমিতিগুলোর মাধ্যমে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। মন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায়োগিক গবেষণাকে অন্তর্ভুক্ত করার জন্য পল্লী উন্নয়ন একাডেমিসমূহকে নির্দেশনা দেন।

তিনি বলেন, কৃষি উৎপাদনকে কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে গবেষণা চালিয়ে যেতে হবে। একটি সমন্বিত পরিবেশে কাজ করলে দেশ থেকে দারিদ্র চিরতরে নির্মূল হবে বলে তিনি উল্লেখ করেন। বাসস