সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১১ নভেম্বর।
মেধা তালিকা থেকে আগামী ১১ ও ১২ নভেম্বর ‘বি’ ইউনিট এবং ১৩ ও ১৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। একাডেমিক ভবন ‘এ’ তে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া মেধা তালিকা থেকে ভর্তি শেষ হলে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে জানানো হবে।
ভর্তি কমিটি জানায়, আগামী ১১ নভেম্বর সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ ১ এর মেধাতালিকার ১ থেকে ৬০০ পর্যন্ত ও ১২ নভেম্বর সকাল ৯টায় ‘বি’ ইউনিটের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত অপর শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের এবং ১৪ নভেম্বর সকাল ৯টায় মানবিক বিভাগের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর ২টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান জানান, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন ইউনিটে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পরীক্ষায় উত্তীর্ণদের জানানো হবে। ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ভর্তির জন্য ৯ হাজার ৫০০ টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদ ও নম্বরপত্রের দু’টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
Sylhetnewsbd Online News Paper