সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ১৪ নভেম্বর মধ্যরাতের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী নিজ উদ্যেগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
০৯ নভেম্বর শুক্রবার ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে।’
এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ৩শ’ আসনের জন্য ৬৬ জনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৫৭৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এই নিয়োগ দেন। বাসস।
Sylhetnewsbd Online News Paper