সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১৬ হাজার ২০৭টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৭ হাজার ৯৫২টি এবং নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৮ হাজার ২৫৫টি পদ শূন্য রয়েছে। ১১ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদে একেএম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রধান শিক্ষকের পদটি ইতিমধ্যে ২য় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগের জন্য পিএসসি’র নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয়তার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা আছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।
Sylhetnewsbd Online News Paper