উরুগুয়েকে ১-০ গোলে হারালো ব্রাজিল, ফ্রান্সকে নেদারল্যান্ডস

সিলেট নিউজ বিডি ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের একমাত্র গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতলো ব্রাজিল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রীতি ম্যাচে মাঠে নামে দুই দল। ম্যাচে আটটি হলুদ কার্ডের মধ্যে ছয়টিই ছিল উরুগুয়ের খেলোয়াড়দের বিপক্ষে। নেইমারকে একের পর এক ফাউল করেছে তারা।

প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন নেইমার। একবার তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক। আরেকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দুটি ভালো সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজও। দুবারই তাকে গোলবঞ্চিত করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

অবশেষে ৭৬ মিনিটে গোলের দেখায় পায় ব্রাজিল। বক্সের ভেতর ম্যানচেস্টার সিটির দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সেলেসাওরা। পেনাল্টি থেকে জয়সূচক গোলটা করেন নেইমার।

এদিকে,পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার রাতে উয়েফা নেশন্স লিগে ২-০ গোলের জয় পেয়েছে ডাচরা। এর ফলে ফরাসিদের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ পর জয় পেলো বিশ্বকাপের গত আসরে অংশ নিতে ব্যর্থ নেদারল্যান্ডস।

ফ্রান্সকে চাপে রাখা নেদারল্যান্ডস প্রথম গোলের দেখা পায় ৪৪তম মিনিটে। মিডফিল্ডার ভিনালডাম গোল করে দলকে এগিয়ে দেন। যোগ করা সময়ে ডি জংকে সিসোকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে ফরাসিদের হার নিশ্চিত হয়ে যায়।

গ্রুপ-১ এর দ্বিতীয় লিগে এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। প্রথম লেগে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় ফ্রান্স।