সিলেট নিউজ বিডি ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে ৮৭ বন্দি। তাদের ধরতে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছে সেনাবাহিনীও।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) প্রদেশের রাজধানী বান্দা আচেহ’র ল্যাম্বারো কারাগার ভেঙে পালিয়ে যায় ওই বন্দিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (৩০ নভেম্বর) এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ওই কারাগারের পরিচালক পাগু বুদি উটামি বলেন, বন্দিরা নিরাপত্তারক্ষীদের ওপর বোতল ও মরিচের গুড়ো নিক্ষেপ করে এবং তারপর বারবেল দিয়ে জানালা ভেঙে ফেলে। দাঙ্গা বাঁধিয়ে পালিয়ে যায় ১১৩ জন। পরে ২৬ জনকে আবার আটক করা হয়। পলাতক বাকি ৮৭ জনকে ধরতে পুলিশ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নেমেছে।
দাঙ্গার সময় ল্যাম্বারো কারাগারে বন্দি ছিল ৭২৬ জন।
এর আগে গত জানুয়ারিতেই আরেকটি কারাগারে দাঙ্গা বাঁধিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বন্দিরা।
Sylhetnewsbd Online News Paper