সংসদ নির্বাচনে ৩০৬৫ জনের মধ্যে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ৩০৬৫ জনের মধ্যে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসাররা। ৩শ’ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২২৭৯ জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে রবিবার রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনে (ইসি) এমন তথ্য পাঠিয়েছেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ সদস্যর নির্বাচন কমিশনের উপস্থিতিতে আগারগাঁও নির্বাচনে ভবনে শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২৮ নভেম্বর শেষ দিনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ৩ হাজার ৬৫টি। এরমধ্যে বাতিল হয়েছে ৭৮৬টি মনোনয়নপত্র। আর বৈধ প্রার্থী ২ হাজার ২৭৯টি। ৩৫টি আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ২৬৫ টি আসনে এক বা একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সর্বোচ্চ বাতিল হয়েছে কুড়িগ্রাম-৪ আসনে। এখানে ১৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জমা পড়েছিল ২৩ মনোনয়নপত্র।

যেসব আসনে ৬টির বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে:
ঢাকা-১৭ আসনে ২৭টির মধ্যে ১১টি বাতিল হয়েছে। ফরিদপুর-৪ আসনে ১৪টির মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৭টির মধ্যে ১১টি বাতিল, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১৬টির মধ্যে ১০টি বাতিল, কুমিল্লা-৩ আসনে ২৭টির মধ্যে ১০টি বাতিল। বগুড়া-৭ আসনে ১৪টির মধ্যে ৭টি বাতিল, রাজশাহী-১ আসনে ১২টি মধ্যে ৮টি বাতিল, যশোর-২ আসনে ১৫টির মধ্যে ৭টি বাতিল, ময়মনসিংহ-৩ আসনে ১৭টির মধ্যে ১০টি বাতিল, কিশোরগঞ্জ-২ আসনে ১০টির মধ্যে ৭টি বাতিল, ঢাকা-৮ আসনে ২২টির মধ্যে ৭টি বাতিল।

যে ৩৫টি আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি:
ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, জয়পুরহাট-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-২, নাটোর-৩, পাবনা-২ ও ৪, কুষ্টিয়া-৩, বাগেরহাট-৩, খুলনা-১, ৩, ৪, ৫, সাতক্ষীরা-৩, পটুয়াখালী-৪, ভোলা-৩, বরিশাল-৪ ও ৫, পিরোজপুর-২, টাঙ্গাইল-২, ৫, জামালপুর-২, নেত্রকোনা-৩, ঢাকা-১২ ও ১৩, নরসিংদী-৪, গোপালগঞ্জ-২, মৌলভীবাজার-৪, কুমিল্লা-৭, চাঁদপুর-৩, ফেনী-২, নোয়াখালী-৫, লক্ষ্মীপুর-৩, কক্সবাজার-১।

নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ঢাকা বিভাগের ৭০টি আসনে ৭৩১ জন মনোনয়ন দাখিল করেছিলেন, এর মধ্যে বাতিল হয়েছে ১৯২ জন, বৈধ প্রার্থীর সংখ্যা ৫৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮টি আসনের জন্য ৬৭৭ জন মনোনয়ন দাখিল করেছিলেন, বাতিল হয়েছেন ১৭৩ জন, বৈধ প্রার্থী ৫০৪ জন, রংপুর বিভাগে ৩৩টি আসনে ৩৫০ জন দাখিলকারীর মধ্যে বাতিল হয়েছেন ৯১ জন, বৈধ প্রার্থী আছেন ২৬২ জন।

রাজশাহীতে ৩৯টি আসনে ৩৫৫ জন দাখিলকারীর মধ্যে মনোনয়ন বাতিল হয় ৯৬ জনের। বৈধ প্রার্থী আছেন ২৫৯ জন। খুলনায় ৩৬টি আসনের মধ্যে ৩৫১ জন দাখিলকারীর মধ্যে বাতিল হয়েছে ৯০ জনের মনোনয়ন। বৈধ আছে ২৬১ জনের।

বরিশালে ২১টি আসনে ১৮৩ জন মনোনয়ন দাখিল করলেও বাতিল করা হয় ৩৮ জনের। বর্তমানে বৈধ প্রার্থী আছেন ১৪৫ জন। ময়মনসিংহ বিভাগে ২৪টি আসনে ২৩১ জনের মধ্যে ৬২ জনের বাতিল হয়েছে, বৈধ প্রার্থী ১৬৯জন এবং সিলেটর ১৯টি আসনে ১৮৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাতিল হয়েছে ৪৪টি মনোনয়ন, বর্তমানে বৈধ প্রার্থী আছেন ১৪০ জন।