আমাদের শিশুরা অনেক মেধাবী, শিশুরাই আগামী দিনের শিক্ষক- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের শিক্ষক। কেননা আমাদের শিশুরা অনেক মেধাবী ও মননশীল। তাদের কাছে বিশ্ব এখন উন্মুক্ত। তাদের সে সুযোগ করে দিতে প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করা হচ্ছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিলো। ২০০১ সালে ষড়যন্ত্র করে সরকার গঠন করতে দেওয়া হয়নি। ফলে সাক্ষরতার হার কমে যায়। কিন্তু পরবর্তীতে সরকার গঠনের পর প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। তাই শিক্ষার মূল ভিত হিসেবে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষাকে ডিজিটাল করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এ ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপে নেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটাতে সেখানকার বিদ্যালয়গুলোকে আবাসিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়গুলোতে হোস্টেল নির্মাণ করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি আন্তরিক। বাংলাদেশে বর্তমানে ১৩ কোটি মোবাইল ফোনের সিম ব্যবহৃত হচ্ছে। একসময় মোবাইল ফোন, কম্পিউটারের দাম অনেক বেশি থাকলেও এখন তা সহজলভ্য হয়েছে।

এ ছাড়া পরীক্ষায় ভালো ফল করার বিষয়ে বাবা-মায়েদের মধ্যে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা শিশুদের মনের ওপর চাপ তৈরি করে। এটা বন্ধ করতে হবে। এমনভাবে পড়ার পরিবেশ তৈরি করতে হবে যেন শিশুরা পড়তে আগ্রহী হয়। তাদের ওপর কোনোভাবেই চাপ তৈরি করা যাবে না।

অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত আছেন।