সিলেট নিউজ বিডি ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়েল স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুইজন হলেন গণিত বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং সহকারী প্রক্টর মো: সামিউল ইসলাম।
মঙ্গলবার শাবি রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গঠিত তদন্ত কমিটিতে দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
এদিকে আত্মহত্যায় নিহত শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীর বাবা,মামা, ভগ্নীপতি এর নিকট বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং আমরা মর্মহত। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, সোমবার বিকেলে নগরের কাজলশাহ এলাকার একটি বাসা থেকে প্রতীকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে স্নাতকে প্রথম স্থান অর্জন করেছিল।
Sylhetnewsbd Online News Paper