দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
গতকাল রোববার রাতে রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলা নম্বর ৫০(১)২০১৩। এর আগে গতকালই তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। ২০১৩ সালের এপ্রিল থেকে কারারুদ্ধ আছেন মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, ৭০টি মামলায় জামিন পেয়ে তিনি যখন মুক্তির প্রহর গুণছিলেন তখন তাঁর মুক্তি আটকে দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা ৭০টি মামলার সবকটিতে তিনি জামিনে থাকায় সহসাই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। তাঁরা জানান, রোববার তাঁকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি জানান যে বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ।
Sylhetnewsbd Online News Paper