সিলেট নিউজ বিডি ডেস্কঃ ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোড আর না করার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবার সালমান মুক্তাদিরকে। মঙ্গলবার বিকাল ৪ টায় মিন্টো রোডে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘সালমান মুক্তাদির ভিডিও সরিয়ে ফেলবে বলে কথা দিয়েছে। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর তার কন্টেন্টগুলো মনিটর করা হবে। নির্দেশনা অনুযায়ী না চললে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দিন আগে অপেশাদার, বিতর্কিত এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর জন্য মডেল সানাই মাহবুব সুপ্রভাকে সতর্ক করা হয়। সানাই আর কোনদিন ফেসবুক লাইভে এসে অশ্লীল ও আপত্তিকর কর্মকাণ্ড করবেন না বলে মুচলেকা দিয়ে রক্ষা পান। একই সঙ্গে জাতির কাছে ক্ষমা চান।
এবার একই অভিযোগে সালমান মুক্তাদিরের খোঁজ নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার।
সোমবার ফেসবুকে স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ ওই স্ট্যাটাসের পর সালমানের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ বিষয়ে গণমাধ্যমকে মোস্তাফা জব্বার বলেন, আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা আমি করতেছি।
মন্ত্রীর পদক্ষেপের পর ‘অভদ্র প্রেম’ শিরোনামে বিতর্কিত সেই মিউজিক ভিডিও সরিয়ে নিয়েছেন সালমান মুক্তাদির। ‘সালমান দ্য ব্রাউন ফিস’ নামের চ্যানেলে এখন আর ভিডিওটির প্রমো ও ভিডিও কিছুই নেই।
এ বিষয়ে সালমান বলেন, বাংলাদেশ থেকে এই গানটি ব্লক করে রাখা হয়েছে। এই গানটি দেশের কেউ দেখতে পারছেন না। তাই আমি নিজেই ব্লক করে দিয়েছি গানটি। তবে বাংলাদেশের বাইরের দর্শকরা দেখতে পারছেন গানটি।
অভদ্র প্রেমের টিজার ও গান ইউটিউবে আপলোড করার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর থেকে ঝড়ের গতিতে কমতে থাকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা।
উল্লেখ্য, ‘সেইফ ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। পর্নো সাইট বন্ধ করাসহ ইন্টারনেটে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধেও কাজ করছে তারা। এরই অংশ হিসেবে সমালোচিত অভিনেত্রী সানাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
Sylhetnewsbd Online News Paper