সিলেট নিউজ বিডি ডেস্কঃ সোহেল রানার স্ত্রী প্রায় বলতেন, ‘আফরানের বাবা তুমি কবে জাতীয় দলে খেলবা? আমরা তোমাকে জাতীয় দলে দেখতে চাই।’ শেষপর্যন্ত তার স্ত্রীর সেই স্বপ্ন পূরণ হলো। কিন্তু এমন সময়ে হলো, যেটা দেখে যেতে পারেননি সোহেল রানার স্ত্রী আফরিন ঝুমা। একই সঙ্গে তার তিন বছরের ছেলে আফরানেরও দেখা হয়নি বাবার জাতীয় দলের খেলাটা।
গত ২৪ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও ছেলেকে চিরদিনের জন্য হারান সোহেল। প্রিয়জন হারানোর সেই কষ্ট বুকে নিয়ে এখন এই সোহেলই খেলবেন জাতীয় দলে। আগামী ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক জাতীয় দলে আছেন তিনি।
সোহেল ছাড়া নতুন মুখ হিসেবে দলে আছেন শেখ জামালের সেন্টার ব্যাক মনজুর রহমান মানিক ও আরামবাগের উইঙ্গার আরিফুর রহমান। এছাড়া দলে ডাক পেয়েছেন আরামবাগের গোলকিপার মাজহারুল ইসলাম হিমেল। জানা গেছে, মূল একাদশে সোহেলকে নিয়ে ভাবছেন জাতীয় দলের কোচ জেমি ডে।
ফেডারেশন কাপের ছুটি শেষ করে গত বছরের ২৪ নভেম্বর স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে ঢাকার বাসায় ফিরছিলেন সোহেল রানা। পথিমধ্যে নবীনগরের নয়ারহাটের রাস্তায় দুর্ঘটনায় পড়ে তার মোটরসাইকেলটি। এতে ট্রাকের চাকায় পিষ্ট হন তার স্ত্রী ও ছেলে। আর আহত হন সোহেল। তখন হাসপাতালে শুয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, স্ত্রী-সন্তানের চাওয়া পূরণ করতে জাতীয় দলে খেলবেন।
Sylhetnewsbd Online News Paper