ব্যাংক কর্মকর্তা গহর জাহানের মৃত্যুতে শোক জানিয়ে সারাদেশে বিভিন্ন ব্যাংকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত

নিউজবিডি ডেস্ক: রাজধানীতে একটি ব্যাংকের উত্ত শাখায়  কাজ করার সময় অসুস্থ হয়ে গহর জাহান নামক  এক নারী কর্মকর্তার মৃত্যুতে গভীর শোকাহত হয়েছেন সারাদেশে বিভিন্ন ব্যাংকে  কর্মরত ব্যাংকাররা। ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ব্যাংকটির  সিসি ক্যামেরায় ধরা পড়ে ভিডিওটি।
এ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে  আজ ০২ সেপ্টেম্বর রোজ সোমবার সারাদেশে একযোগে ব্যাংকগুলোতে কালো ব্যাজ  ধারণ কর্মসূচি পালিত হয়। নামপ্রকাশে অনিচ্ছুক ঢাকা ব্যাংকের এক কর্মকর্তা বলেন,  আসলে কর্মরত অবস্থায় আমরা আমাদের   এক বোনকে মৃত্যুমখে পতিত হতে দেখেছি, এতে আমরা খুবই শোকাহত হই। আর এজন্য এই কালো ব্যাজধারণ কর্মসূচি। যদিও প্রচার- প্রচারণা নেই তারপরও সারাদেশে বিচ্ছিন্নভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাক  ব্যাংকের আরও এক কর্মকর্তা জানান,  আমরা সারাদিনই বিভিন্ন চাপের মধ্যে কাজ করি। একদিকে ডিপোজিটের টার্গেট অন্যদিকে শাখার মধ্যে জমে থাকা ডেস্কের বিভিন্ন কাজ। তার উপর অনেক সময় চাকরি ছাঁটাইয়ের ভয় এখন নিত্যদিনের সমস্যা।  সকল পেশাজীবীদের সংগঠন আছে আমাদের কোন সংগঠনও নেই,  তাই আমাদের অধিকার নিয়ে কোথাও কথা বলতে পারি না। তবে ভবিষ্যতে সারাদেশের ব্যাংকারদের অধিকার রক্ষার্থে একটা সংগঠন করতে চাই।