স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডোর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী। ট্রুডোর কার্যালয় থেকে এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

১৩ই মার্চ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোফির শরীরে করোনাভাইরাস শনাক্ত হলেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে। আপাতত আইসোলেশনে থাকবেন ট্রুডোর স্ত্রী। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনো ভাইরাস শনাক্ত হয়নি।

সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফেরার পর সোফি ট্রুডোর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর দেশটির স্থানীয় সময় বুধবার তিনি চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। তারপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

এদিকে স্ত্রীর করোনাভাইরাসের উপসর্গ চিহ্নিত হওয়ার পর স্বেচ্ছায় আইসোলেশনে যান ট্রুডো। বর্তমানে তিনি তার বাসভবনেই অবস্থান করছেন। এ কারণে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীসভার বৈঠকও বাতিল করেছেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে সতর্কতা স্বরুপ তিনি স্বেচ্ছায় আইসোলেশনে অবস্থান করছেন।