সাংবাদিক নির্যাতন: অভিযুক্তদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্তদের চাকুরিচ্যুত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মৌলভীবাজার জেলা শাখা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)র’ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে শাখা সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতানের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাংবাদিক মস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সুধাংশু শেখর হালদার, মামুনুর রহমান চৌধুরী মসু, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, হুমায়ুন রহমান বাপ্পি, মীর রুমানা আক্তার রুমু, এলিসন প্রমুখ।

বক্তারা বিগত দিনে দেশে যে সব সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তাদের বিচার না হওয়ায় সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো গণমাধ্যমের জন্য চরম অশনিসংকেত। স্বাধীন বাংলাদেশে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক সমাজ। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কথিত রাজনীতিবিদ, সরকারি আমলা, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, পেশাজীবি গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে গণমাধ্যমকর্মীদের। কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের দুর্নীতির খবর প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে সাজানো মিথ্যা অভিযোগে আটক, উলঙ্গ করে নির্যাতন ও দন্ড দেয়া সহ দেশব্যাপী সাংবাদিক গুম, খুন,মামলা, হামলা, গ্রেফতার, হয়রানি নির্যাতন বন্ধ করার দাবি জানান। সেই সাথে শুধু ডিসি কে প্রত্যাহার নয় তার সাথে যুক্ত সকল ষড়যন্ত্রকারিদের শাস্তির দাবি জানান।