আইসিইউ থেকে বের করা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। তবে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, ” বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আইসিইউ থেকে স্থানান্তর করে হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি সেখানে থেকে সুস্থ হয়ে উঠার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেবেন।”

১০ নং ডাউনিং স্ট্রিটের এখন মুখপাত্র জানিয়েছেন, “তার মনোবল ভীষণ ভালো।” করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ১০ দিন পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে গত রোববার হাসপাতালে নেয়া হয়। এর পরদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। আইসিইউতে মি: জনসনকে স্বাভাবিক অক্সিজেন দেয়া হলেও তাকে ভেন্টিলেটরে রাখা হয়নি। বিবিসি বাংলা