ফ্লয়েডকে শেষ বিদায় জানাচ্ছে যুক্তরাষ্ট্র

হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় ৬০০ মানবাধিকার সংগঠন জামিন পাচ্ছেন ফ্লয়েড পুলিশ কর্মকর্তা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন মার্কিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার হিউস্টনে মায়ের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। ফ্লয়েডের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে তার পরিবার এবং প্রায় ৬০০ মানবাধিকার সংগঠন। যদিও হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জামিন পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত ছিল। এদিকে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ফ্লয়েড হত্যাকাণ্ড বিশ্বে পরিবর্তন আনবে। খবর বিবিসি ও আলজাজিরার

ফ্লয়েডের শেষকৃত্যে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। হিউস্টনের একটি গির্জায় ফ্লয়েডের মৃতদেহ রাখা হয়। এ সময় পুলিশকে সেখানে নিরাপত্তা দিতে দেখা যায়। করোনা ভাইরাসের কারণে সীমিত আকারের শেষকৃত্যের অনুষ্ঠানেও ছয় হাজারের বেশি মানুষ অংশ নেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসের হিউস্টনে ফ্লয়েডের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ করেছেন। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ফ্লয়েড হত্যাকাণ্ড মার্কিন ইতিহাসকে প্রভাবিত করবে।

যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়েছে। নিউ ইয়র্কের সরকারও এই সংস্কারের দাবি জানিয়েছে। এর আগে সোমবারই ডেমোক্র্যাটরা পুলিশে সংস্কার নিয়ে তাদের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এরই মধ্যে জানা গেছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত মিনেয়াপোলিসের পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে মুক্তি দিচ্ছে আদালত। তবে তাকে ১ দশমিক ২৫ মিলিয়ন ডলার (দশ কোটি ৬২ লাখ টাকার বেশি) দিয়ে জামিন নিতে হবে। গতকালও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান দাস ব্যবসার সঙ্গে যুক্ত সব নেতাদের ভাস্কর্য ভেঙে ফেলার দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটিশ সমাজে বর্ণবাদ খুবই কম। তবুও ন্যায়বিচারের স্বার্থে আরো কিছু করা দরকার ছিল।

আন্তর্জাতিক তদন্ত দাবিঃ
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, ফ্লয়েডের পরিবার এবং প্রায় ৬০০ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। ফ্লয়েড হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে পুলিশের সহিংসতা ও বিক্ষোভকারীদের নির্যাতনের বিষয়টি জাতিসংঘকে তদন্ত করতে হবে। এজন্য সংস্থাটির একটি বিশেষ অধিবেশন ডেকে তদন্ত কমিটি করতে হবে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুখপাত্র জানিয়েছেন, নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে তাদের কাছে একটি চিঠি এসেছে। ফ্লয়েডের পরিবারসহ এর আগে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গদের পরিবারও চিঠি পাঠিয়েছে।