সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তোলপাড় গোটা ভারত। তুমুল সম্ভাবনাময় নায়কের আত্মহননের পেছনে বলিউডের প্রভাবশালী একাধিক ব্যক্তির ‘প্রভাব’ ছিল বলে অনেকের দাবি।
এই দাবির প্রেক্ষিতে বলিউড সুপারস্টার সালমান খান, নির্মাতা-প্রযোজক করন জোহর, নির্মাতা সঞ্জয়লীলা বানসালী, প্রযোজক একতা কাপুরসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা। তবে তার এই মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) মুজাফফরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার এই রায় দিয়েছেন। এর মাধ্যমে অভিযুক্ত তারকারা এই মামলা থেকে মুক্তি পেয়েছেন।
তবে আদালতের এই রায় চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন সুধীর কুমার। তিনি বলেন, ‘আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই রায় জেলা আদালতে চ্যালেঞ্জ করব। সুশান্তের মৃত্যুতে পুরো বিহার শোকাহত। ন্যায় বিচার পেতে, তার মতো প্রাণোচ্ছল তরুণকে যারা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাদের শাস্তির আওতায় নিতে হবে।’
এর আগে সুধীর কুমার দাবি করেন, সুশান্তকে প্রায় সাতটি সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে এবং তার কিছু সিনেমা মুক্তি পায়নি। এসবের পেছনে ওইসব ব্যক্তির প্রভাব রয়েছে। আর এই ধরনের পরিস্থিতির কারণেই আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সুশান্ত।
Sylhetnewsbd Online News Paper