মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নাম এসেছে। বৃহস্পতিবার নতুন করে আরো ৯টি দেশের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে দেশটির সরকার। মালয়েশিয়ার সরকার বলেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কাজের জন্য বা পর্যটকরাই নয়, যাদের মালয়েশিয়ার নাগরিকত্ব রয়েছে তারাও যেতে পারবেন না।

নিষেধাজ্ঞার নতুন তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব, রাশিয়া এবং বাংলাদেশ।

এর আগে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবকে উদ্ধৃত করে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বের্নামার প্রতিবেদনে বলা হয়, এখন থেকে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় এমন সব সব দেশকে অন্তর্ভুক্ত করা হবে, যাদের দেড় লাখের বেশি করোনা ভাইরাসের আক্রান্ত রয়েছে।

ইসমাইল সাবরি জানান, এই নিষেধাজ্ঞার তালিকায় স্থায়ী বাসিন্দা, প্রবাসী, শিক্ষার্থী, স্বামী/স্ত্রী ভিসা এবং মালয়েশিয়ায় যাদের সেকেন্ড হোম রয়েছে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে। সূত্র: ব্যাংকক পোস্ট