অবৈধ অভিবাসীদের বৈধতা দিচ্ছে মালয়েশিয়া

সিলেট নিউজ বিডি ডেস্কঃ শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বহু প্রতীক্ষার পর আবারও বৈধতার সুযোগ পাচ্ছেন মালয়শিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন এক বিবৃতিতে এ তথ্য জানান।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ অভিবাসন প্রক্রিয়া। তবে এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কন্সট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান মন্ত্রী হামজা জাইনুদ্দিন। এ সময় মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী দাটুক সেরী সারভানান মারগুনান, স্বরাষ্ট্র ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে।