সিলেট নিউজ বিডি ডেস্কঃ মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে অফিস অফ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেন।
এছাড়াও তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করছেন। মার্কিন সেনাপ্রধানের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশ নেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইএসপিআর আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
Sylhetnewsbd Online News Paper