সিলেট নিউজ বিডি ডেস্কঃ ভ্যাকসিন নেওয়া লোকজনের জন্য সুখবর জানাল যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) জানিয়েছে, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা একে অন্যের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পর মানুষের জীবন-যাপন এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।
সিডিসির নতুন স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা অনুযায়ী, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তারা ভ্যাকসিন নিয়েছেন বা নেননি এমন লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
সিডিসি বলছে, ভ্যাকসিনের চূড়ান্ত ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর থেকেই লোকজনকে সুরক্ষিত বিবেচনা করা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। সোমবার হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের এক ব্রিফিংয়ে নতুন স্বাস্থ্য নির্দেশিকা ঘোষণা করেন স্বাস্থ্য কর্মকর্তারা। সেখানে জানানো হয়েছে যে, ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পর লোকজন এখন থেকে কি কি করতে পারবেন। যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা অন্য ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে যে কোনো অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন।
এক্ষেত্রে সামাজিক দূরত্বও জরুরি নয়। ভাইরাসের কম ঝুঁকিপূর্ণ লোকজন যারা এখনো ভ্যাকসিন নেননি এমন লোকজনের সঙ্গেও দেখা করতে পারবেন ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তি। তবে এক্ষেত্রে অনেক বিস্তৃত এলাকায় তারা যাতায়াত করতে পারবেন না। হয়তো একটি বা দুইটি বাড়িতে তারা ঘুরতে যেতে পারবেন।
সিডিসির শীর্ষ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিত বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসকে পেছনে ফেলে যাওয়া পৃথিবী দেখতে কেমন হবে আমরা সে বিষয়টি বর্ণনা করতে শুরু করেছি।’ সূত্র: বিবিসি
Sylhetnewsbd Online News Paper