পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সাংবাদিক রোজিনার জামিন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ অবশেষে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এ আদেশ দেন। ৫ হাজার টাকা জামানত ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, আদালতে আমরা জামিন চাইলে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আমরা তা মেনে নিলে রোজিনা ইসলামের জামিন দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, আসামিপক্ষ রোজিনা ইসলামের জামিন চাইলে, আমরা আদালতকে বলি, তিনি যদি পাসপোর্ট জমা দেন, তবে জামিনে আমাদের কোনো আপত্তি নেই। পরে রোজিনার পক্ষের আইনজীবীরা বিষয়টি মেনে নিলে আদালত তার জামিন দেন।

জামিন আদেশের আগে আদালত পর্যবেক্ষণে বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। কোর্ট ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে নয়, পরিপূরক হয়ে কাজ করে।

গত সোমবার রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার অভিযোগে রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে বৃটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দন্ডবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে বিচারক রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।