সিলেট নিউজ বিডি ডেস্কঃমাত্র ৩১ বছর বয়সেই জাতীয় দলের জার্সিটা একেবারে খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার টনি ক্রুস। তবে তার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ক্রুস। জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন তিনি।
২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় টনি ক্রুসের। বয়স মাত্র ৩১ হলেও, জাতীয় দলকে বিদায় জানানোর জন্য এটিকেই সঠিক সময় বলে মনে করছেন তিনি।ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়ে গেল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ম্যাচটিতে হেরে খালি হাতে দেশে ফিরতে হয় জার্মানদেরকে। এরপরই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন ক্রুস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে ক্রুস লিখেন, আমি জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলেছি। এরপর আর খেলা হবে না। ভেবেছিলাম আরো কিছু ম্যাচ খেলতে পারবো। খুব করে চাইছিলাম ইউরো চ্যাম্পিয়নশিপটা যেন আমরা জিততে পারি। এই আসর শেষেই অবসর নেয়ার কথা ভাবছিলাম দীর্ঘদিন ধরে। অনেক আগে থেকেই জানতাম কাতারে ২০২২ বিশ্বকাপটা আমার খেলা হবে না। এর মূল কারণ, রিয়াল মাদ্রিদে আমি আর কয়েকটা বছর মনোযোগ দিয়ে খেলতে চাই। একইসঙ্গে একজন বাবা এবং স্বামী হিসেবে আমি আমার পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে চাই। সে হিসেবেই আজ থেকে নিজের ১১ বছরের ক্যারিয়ারের ইতি টানছি।তিনি আরো বলেন, জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলতে পারা আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার। আমি জাতীয় দলের জার্সি গায়ে পুরোটা সময় নিজেকে উজাড় করে খেলেছি। যারা সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সমর্থন দিয়ে গেছে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার সমালোচকদেরকেও। তারা আমাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করেছেন।
জাতীয় দল এবং নতুন কোচ হ্যান্সি ফ্লিককেও শুভকামনা জানিয়েছেন ক্রুস।
Sylhetnewsbd Online News Paper