সিলেট নিউজ বিডি ডেস্কঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় বরিশালের কীর্তনখোলাসহ পার্শ্ববর্তী নদীগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা এই অভিযানে সহায়তা করেন।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বরিশাল অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি।এ কারণে বরিশালের নদ-নদীর দিকে বাড়তি নজর দেয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন কেউ যেন নদ-নদীতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। কেউ আইন ভঙ্গ করলে তাদের জেল জরিমানার বিধান রয়েছে।
এর আগে গত রবিবার গভীর রাতে নদীতে মাছ শিকারের দায়ে আটক ৭ জন জেলেকে জেল-জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
Sylhetnewsbd Online News Paper