সিলেট নিউজ বিডি ডেস্কঃ জনপ্রিয় ফোক সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। যদিও মাঝে দ্বিতীয় সন্তানের মা হবার কারণে প্রায় এক বছর গান থেকে দূরে ছিলেন এই ক্লোজআপ ওয়ান তারকা। তবে এখন গান করছেন নিয়মিত। সব মিলিয়ে কি অবস্থা? কেমন চলছে দিনকাল? বিউটি বলেন, আলহামদুলিল্লাহ। বেশ ভালো আছি৷ পরিবারকে সময় দিচ্ছি৷ গান করছি। ব্যস্ততায় কাটছে সময়। স্টেজ শো করা হচ্ছে? এ গায়িকা বলেন, আমার ছেলে অনেক ছোট, তাই মধ্যে শো করিনি। করোনার কারণেও বিরতি নিয়েছিলাম। তাছাড়া পরিবারের কিথা চিন্তা করে সে সময়ে কাজই করেছি কম।
এখন শো করছি, তবে বেছে বেছে। তাছাড়া টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সব মিলিয়ে আসলে এখন ফের সরব হচ্ছে সংগীতাঙ্গন। এদিকে এরই মধ্যে কয়েকটি নতুন গান প্রকাশ হয়েছে বিউটির। সবশেষ ‘মায়ার জালে’- শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তার। আরো কয়েকটি নতুন গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। নতুন গান সামনে কবে নাগাদ আসবে? এ শিল্পী বলেন, বেশকিছু গান প্রকাশ হয়েছে এরমধ্যে। আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় আছে। এর বেশিরভাগই ফোক গান।
বিভিন্ন গীতিকার-সুরকাররা গানগুলো করেছেন। কয়েকটি নতুন গানের প্রস্তাবও আছে। ব্যাটে-বলে মিললে করে ফেলবো। গান নিয়ে সামনের পরিকল্পনা কি? বিউটি বলেন, আমার খুব বেশি চাওয়া নেই। কারণ ক্লোজআপ ওয়ান থেকে এখনও শিল্পী হিসেবে মানুষের যে ভালোবাসা পাই সেটাই জীবনের বড় পাওয়া। এখন প্রিয় শ্রোতাদের জন্যই এমন কিছু গান করতে চাই যা দীর্ঘদিন টিকে থাকবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি৷ এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? বিউটি ঝটপট বলেন, খুবই ভালো চলছে। আমাদের ঘরে এখন দুই সন্তান৷ ছেলেদের নিয়ে আমার সময় খুব ভালো কাটছে। আমার কাছে পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ। পরে বাকী সব।
Sylhetnewsbd Online News Paper