কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী বরফের কল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের বড় বোন বিলকিস আক্তার বাদী হয়ে ডবল মুরিং থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে চৌমুহনী বরফকল এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি কিশোর দল এসে আজিমকে মারধর করে ও এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর্যায়ে স্থানীয় লোকজন এসে আজিমকে মারতে আসা কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেয় । তারা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সর্পদ করে দেন। বাকিরা পালিয়ে যায় । রাতে পুলিশ অভিযান চালিয়ে নয়ন, সোহেল, মামুনসহ আরও তিনজন কিশোরকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।

হত্যা মামলার বাদী বিলকিস আক্তার বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর ভাইকে খুন করেছে। তাদের ফাঁসি চান তিনি। আসামিরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মানুষের বাসায় কাজ করে তিনি তার ভাইকে বড় করেছেন । তার ভাই জাহাজে শ্রমিকের কাজ করত।

এদিকে পুলিশের বলেছে, এ ঘটনা পূর্ববিরোধের জেরে ঘটেছে । কোন পক্ষই কিশোর গ্যাং এর সদস্য নয়। নিহত আজিমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ।