সিলেট নিউজ বিডি ডেস্কঃ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বৃহস্পতিবার (১৫ মে) রাতে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইশতিয়াক আগে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়তেন। আজ সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত ইশতিয়াকের সহপাঠী–বন্ধুরা জানিয়েছেন।
কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম।
Sylhetnewsbd Online News Paper