গোপালগঞ্জে আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে: নাহিদ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ গোপালগঞ্জে আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে মানিকগঞ্জে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের ভাষাশহীদ রফিক চত্বরে এ পথসভার আয়োজন করা হয়।

নাহিদ বলেছেন, ‘গোপালগঞ্জে যারা আক্রমণ করেছে, তারা জানে না যে এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়ী দিয়েছি, এই মানিকগঞ্জে দিচ্ছি।’

নির্বাচনমুখী একটি দলের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কেন গোপালগঞ্জে গেলাম তা নিয়ে তারা প্রশ্ন করেছেন। আওয়ামী লীগ যদি মাথা উঁচু করার চেষ্টা করে, বিপ্লবী ছাত্র-জনতা আবার তাদের পরাস্ত করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি গোপালগঞ্জের প্রতিটি গ্রামে প্রোগ্রাম করব ইনশা আল্লাহ।’
তিনি বলেন, ‘আমরা অনেক আগেই জানিয়েছিলাম, গোপালগঞ্জে প্রোগ্রাম করব। কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা না করার করণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর বর্বরোচিত হামলা করেছে।’

নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে কোনো একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না। জাতীয় সংসদ দুই কক্ষবিশিষ্ট করতে হবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে। এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে।

এনসিপির এই নেতা বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষ, ছাত্র-আলেমদের ওপর নির্যাতন করেছে। শুধু ইসলাম পালনের কারণে জুলুম করা হয়েছে। সনাতন ধর্মের ভাইদের বলব, আপনারা কোনো বিশেষ দলের সম্পদ নন, আপনারা বাংলাদেশের জনগণ। সমান অধিকার ভোগ করেন। আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করেছে।’