সিলেটে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দৈনিক সংবাদ টাইগার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে এস এ ফাইটার্স। অপর দিকে এই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে সংবাদ টাইগার্স।
বুধবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ ছিলো টুর্নামেন্টে দুদলের টিকে থাকার লড়াই। বাচা-মরার এ ম্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা পরিচালিত হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই।
সংবাদ দলের গোলরক্ষক মইনুল হক বুলবুল এবং রক্ষণভাগের আব্দুল বাতিন ফয়সল, মাশরুর রাসেল ও আনিস রহমানের দক্ষতায় এস এ ফাইটার্সের বেশকয়েকটি ভালো আক্রমণ রুখে দিতে সক্ষম হয় তারা।
অপরদিকে এস এ ফাইটার্সের অধিনায়ক শ্যামানন্দ শ্যামল, বাপ্পা ঘোষ চৌধুরী ও মুজিবুর রহমান ডালিমের তৈরি দেয়ালে প্রথমার্ধে গোল পাওয়া থেকে বঞ্চিত হয় সংবাদ টাইগার্স।। গোলশূন্য ফলাফলে সমাপ্ত হয় প্রথমার্ধ।
দ্বিতিয়ার্ধের প্রথম মিনিটেই এস এ ফাইটার্স অনেকটা বুঝে উঠার আগেই দুর থেকে নেওয়া সংবাদ দলের ফরোয়ার্ড কামরুলের শট গোলরক্ষক অনিলের মাথার উপর দিয়ে গোলবারে প্রবেশ করে। সংবাদ এগিয়ে যায় ১-০ গোলে।
এক গোল হজমের পর খেলার খেই হারিয়ে ফেলে এস এ ফাইটার্স দল। যার সুযোগ নিয়ে একের পর এক আক্রমণ করে সংবাদ টাইগার্স। আর কোন গোল না হলেও পুরো দ্বিতিয়ার্ধ এস এ ফাইটার্সকে চাপের মুখে রাখে তারা।
শেষ দিকে এস এ ফাইটার্স দুয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে আসেনি।
সংবাদ টাইগার্স দলের মিড ফিল্ডার আব্দুল মুকিত অপি ও নুর আহমদ পুরো ম্যাচে দায়িত্বশীল খেলা খেললেও গোলের দেখা পাননি।তবে সংবাদ টাইগার্স দলের ফরোয়ার্ড ইয়াছিনকে নামিয়ে তার জায়গায় হাল ধরেন আশরাফ জুয়েল শেষ দিকে একটি সুযোগ পেলেও সেটা কাজে আসেনি।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয় দুদলই। দৈনিক সংবাদ টাইগার্স ১-০ গোলে পরাজিত হয় চ্যানেল এস এর কাছে এবং এস এ ফাইটার্স ২-০ গোলে পরাজিত হয় উত্তরপুর্ব দলের কাছে। যার ফলে আজকের এই ম্যাচটি ছিলো দুদলের টুর্নামেন্টে টিকে থাকার লড়াই।
Sylhetnewsbd Online News Paper