তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গে রুল জারী

তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারী করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার(০৮সেপ্টেম্বর) বেসরকারি সংস্থা উবিনিগ (প্রা.) লিমিটেড, প্রজ্ঞা এবং ‘প্রত্যাশা’ মাদক বিরোধী সংগঠন এর এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি জে. এন. দেব এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের জবাব চেয়ে স্বাস্থ্য সচিব, সংসদ বিষয়ক সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলকে আগামী ২ সপ্তাহ সময় দেয়া হয়েছে।

প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী যে কোন প্রতিষ্ঠান তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের পরিবর্তে নিম্নভাগে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করতে পারবে। যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ১০ ধারার পরিপন্থী।

ওই গণবিজ্ঞপ্তি প্রকাশ করায় আইন অমান্য করে তামাকজাত দ্রব্য উৎপাদন ও বিক্রয়কারী কোম্পানিগুলো তামাকজাত দ্রব্য বাজারজাত করছে। এর প্রেক্ষিতে বাদী পক্ষের আবেদন অনুযায়ী হাইকোর্ট বেঞ্চ এই রুল জারী করেন।

আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এবং মঞ্জুর আলম।