ক্ষমতাসীনরাই বেশি মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী৷ এ ছাড়া সমাজের বিত্তবানরাও সম্পদের প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে।
বৃহস্পতিবার(২৯সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মানবাধিকার কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ইকবাল সোবহান বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদেরকে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে৷
মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন কমিশন উল্লেখ করে তিনি বলেন, আইন আপনাদেরকে মুক্ত বিচরণের ক্ষমতা দেয়ায় সঠিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরুন। আপনারা কোনো ধরনের বাধার সম্মুখীন হলে গণমাধ্যম আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্মূল করা সম্ভব নয়, এটি নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ বলেন, দুর্বলের পক্ষে কথা বলে সবলের প্রতি কতটা সফল হওয়া যায় সেটিই কমিশনের জন্য চ্যালেঞ্জ। যুগ যুগ ধরে দুর্বল জাতিগোষ্ঠী নির্যাতিত হয়ে আসায় সবলরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে৷
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হকের সঞ্চালনায় আলোচনায় আরো অশগ্রহণ করেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper