বিশ্বজিৎ-খাদিজার আক্রমণকারী কেউই রেহাই পাবে না: জয়

আওয়ামী লীগের সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করে অপরাধীদের শাস্তি দেয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে খাদিজার আক্রমণকারী কেউই রেহাই পাবে না।

বৃহস্পতিবার(০৬অক্টোবর) রাত সোয়া দশটার দিকে নিজের ফেইসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন প্রধানমন্ত্রীর ছেলে।

গত সোমবার বিকালে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খাদিজার ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদেও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তাকে (বদরুল) আমরা ধরেছি। বিচার হবে। কে কোন দল করে দেখিনি, দেখবোও না। অপরাধী অপরাধীই, তার বিচার হবে।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই রাতে নিজের ফেইসবুক পেজে স্ট্যাটাস দেন সজিব ওয়াজেদ জয়।

ফেইসবুক পেজে জয় লিখেন, ‘বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছিলো। আমাদের আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেপ্তার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।’

সরকার শুধুমাত্র অপরাধীদের গ্রেপ্তার করে দাবি করে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাকারীদেরই গ্রেপ্তার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেপ্তার করি যারা মানুষের উপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থান জড়িত।’

কেউই আইনের ঊর্ধ্বে না-মন্তব্য করে জয় তার ফেইসবুকে লিখেন, ‘এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক -ক্ষমতাসীন দলের কোন সদস্য; বিরোধীদলের কোন সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।’