নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে মাশরাফি

দেশের মাটিতে টানা সাতটি ওয়ানডে সিরিজ খেললো বাংলাদেশ। টাইগারদের সামনের কয়েকটি সিরিজ অনুষ্ঠিত হবে বিদেশের মাটিতে। সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে টাইগাররা। দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জয়ের পর এবার বিদেশের মাটিতেও ভালো করতে চায় মাশরাফিরা।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, দেশের মাটিতে আমরা টানা সাতটি সিরিজ খেললাম। সামনে বিদেশের মাটিতে পরপর সিরিজ রয়েছে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর রয়েছে। ওই সিরিজের দিকে আমরা তাকিয়ে আছি। সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে আমরা যে উন্নতি করেছি সেটি ধরে রেখে ভালো করতে চাই।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে বুধবার চার উইকেটে হেরেছে টাইগাররা। এই ম্যাচে জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিয়েছে ইংলিশরা।