রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আগামীকাল শনিবার দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হতে পারে বলে ক্রেমলিন জানিয়েছে। খবর বিবিসির।
এস-৪০০ মডেলের ক্ষেপণাস্ত্রটি মস্কোর সবচেয়ে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানান, গোয়ায় অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বৈঠকে ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি স্বাক্ষর করবেন।
ভারতের পর্যটন নগরী গোয়াতে ১৫ ও ১৬ অক্টোবর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনে অংশগ্রহণ করছে।
ইউরি উশাকভ রাশিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, পুতিন ও মোদির বৈঠকে এস-৪০০ মডেলের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ক্রেমলিন জানায়, মোদির সঙ্গে পুতিনের বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে।
ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়া সিরিয়াতে ব্যবহার করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পক্ষে বিদ্রোহীদের দমনে যুদ্ধ করছে রাশিয়া।
স্নায়ুযুদ্ধের সময়ে রাশিয়ার মিত্র ছিল ভারত। সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে সম্পর্কে ভাটা পড়েছে। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে।
Sylhetnewsbd Online News Paper